Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে প্রধানমন্ত্রী / সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ কর্মী নেওয়া বন্ধ রেখেছিল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৭:৪৫

সংসদ অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছিল। এসব অনিয়মের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল অথবা স্থগিত করেছিল।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে ব্যাপক অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।’ তার মতে, বিগত সরকারের আমলে সংশ্লিষ্ট লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, যার নেতিবাচক প্রভাবে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ, স্থগিত বা কমিয়ে দিয়েছিল। সরকার এখন সেই প্রতারক সিন্ডিকেটগুলোকে শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থার অধীনে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েকদিন আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী জানিয়েছেন যে, মালয়েশিয়ার সঙ্গে সফল আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। তিনি আরও ঘোষণা দেন, সামান্য কিছু আনুষঙ্গিক খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার বাংলাদেশিকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ১০ হাজার কর্মীর মধ্যে বিগত সময়ে গুম-খুনের শিকার হওয়া পরিবার এবং ২০২৪ সালের আন্দোলনে শহিদ বা হতাহত হওয়া পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

এ ছাড়া, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের কূটনৈতিক ও দ্বিপাক্ষিক আলোচনা চলমান রয়েছে। এরই মধ্যে কয়েকটি দেশ নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে।’

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য ও প্রতারণার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন এবং অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে গিয়ে বিপদে পড়ছেন।’

সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেওয়া হবে এবং অভিবাসন ব্যয় কত হবে তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে বলে তিনি মত দেন। পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ ও রিকশাচালকের সন্তানরা যাতে জমি বিক্রি বা ঋণ না করে দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে বিদেশে যেতে পারেন, সেজন্য সরকার কোনো প্রণোদনা দেবে কি না?- তা জানতে চান তিনি।

প্রণোদনার এই প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সংসদ সদস্য প্রণোদনার কথা বললেও এই অর্থের জোগান কোথা থেকে আসবে, তা তার কাছে স্পষ্ট নয়।’ তবে সংসদ সদস্য বিষয়টি সুনির্দিষ্ট ও সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা যেতে পারে বলে তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর