ঢাকা: সার ডিলার নিয়োগে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অযোগ্য ব্যক্তিদের নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
সংসদ সদস্য তার প্রশ্নে উল্লেখ করেন যে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ও বীজ বিক্রির জন্য ডিলার নিয়োগে অনিয়ম, দলীয়করণ, দুর্নীতি ও অযোগ্য ব্যক্তিদের ডিলার হিসেবে বেছে নেওয়ার ফলে সাধারণ মানুষ ও কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ঘটনায় জড়িত ও দায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, তা তিনি জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া আরও যুগোপযোগী ও স্বচ্ছ করার লক্ষ্যে চলতি বছরের গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। এই নতুন নীতিমালা অনুযায়ী দেশের সব ডিলার সরকার নিযুক্ত, নিবন্ধিত ও তালিকাভুক্ত সার ডিলার হিসেবে গণ্য হবেন এবং এর ফলে পূর্বেকার মতো বিসিআইসি ডিলার ও বিএডিসি ডিলার নামে কোনো ধরনের বিভাজন বা জটিলতা থাকবে না।
সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন নীতিমালা অনুযায়ী সব ডিলার নিজ নিজ অধিক্ষেত্রে তাদের মাসিক অনুমোদিত চাহিদার ভিত্তিতে নিয়মমাফিক ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ পাবেন।’
কৃষকদের মধ্যে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখা এবং সামগ্রিক বিতরণব্যবস্থাকে আরও সময়োপযোগী ও জনবান্ধব করে তুলতে এই নীতিমালা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি সংসদকে অবহিত করেন।