ঢাকা: আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, স্পারসোর মাধ্যমে সরকার এরই মধ্যে এ কাজে হাত দিয়েছে এবং বাংলাদেশি বিজ্ঞানীরাই এই স্যাটেলাইট তৈরি করছেন। তিনি বলেন, ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের সংকট দূর করতে সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। যোগাযোগ, কৃষি ও দুর্যোগ মোকাবিলায় এসব উদ্ভাবনের বাস্তব প্রয়োগের ওপরও গুরুত্ব দেন তিনি।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৭৪টি দলের ২৯৬ জন অংশগ্রহণকারী চারটি বিভাগে অংশ নিচ্ছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স এবং সকার বট— এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।