ঢামেক: রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ইফতি সাবা (২৫) মারা গেছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
তিনি আরও জানান, সাবার ছেলে আরিস রহমান মাহাদের শরীরের ৫৭ শতাংশ, স্বামী মানিকের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং তার মা শামসুন্নাহার বেগমের ৪০ শতাংশ পুড়ে গেছে। শিশু মাহাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও ১ বছর বয়সি ছেলে আরিস রহমান মাহাদ। অন্য দু’জন হলেন পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।
দগ্ধ মানিক জানান, চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন তিনি। সকালে বাসার ভেতরে বিস্ফোরণের শব্দে তার ঘুম ভাঙে। সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও ঝলসে যায়। তখন সন্তানকে নিয়ে দৌড়ে কক্ষ থেকে বাইরে বের হন তিনি। একে একে দগ্ধ শরীর নিয়ে বের হন তার স্ত্রী এবং পাশের কক্ষের মা-মেয়ে।
মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্না করা হয়। তবে সিলিন্ডারটি বাড়ির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলা চালু করে রেখেছিলেন অথবা চুলায় লিকেজ ছিল। সেখান থেকে সারা রাত গ্যাস বের হয়েছে। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটসহ তারা ঘটনাস্থলে যান। তবে এর আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরাই দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণটি বেশ বিকট ছিল। এর শব্দে দরজা-জানালা ভেঙে যায়। গ্যাস লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।