Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৬ ১৩:৫৭

ডোমার থানা। ছবি: সংগৃহীত

নীলফামারী: নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলায় চারজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ডোমার পৌরসভার কাজীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন পৌরসভা কাজীপাড়া এলাকার মোর্শেদ হাসান (২৮), শরিফুল ইসলাম (৩০), হানিফ ইসলাম (২২) এবং হালিমা বেগম (৫০)। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জুয়েল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় এলাকাবাসীকে নানানভাবে হুমকি দিয়ে আসছে মাদক ব্যবসায়ীরা। গতকাল মাদক দমনের লক্ষ্যে স্থানীয়রা আলাপকালে মাদক ব্যবসায়ী রূপা এবং সাইদুলের নেতৃত্বে স্থানীয় মাদক ব্যবসায়ী এবং বহিরাগত সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে অস্ত্রসহ হামলা করে। এ সময় আহত হয় চারজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান হিল্লোল বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করে যাচ্ছি, কিন্তু দিন দিন তারা বেপরোয়া হয়ে উঠছে। এবার তারা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে চারজনকে গুরুতর আহত করেছে। এই চক্রকে নির্মুল করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।’

আহতরা জানান, এলাকায় কয়েকটি পরিবারের সব সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত থেকে প্রকাশ্যে মাদকের কারবার চালাচ্ছে। এসব নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে আসছিল দীর্ঘদিন থেকে। মাদক ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। পরে আজকে কয়েকজনকে একসঙ্গে পেয়ে তারা এবং বহিরাগত কিছু সন্ত্রাসী দা-ছুরি দিয়ে হামলা চালায়।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, ‘আমরা খোঁজখবর করে এ বিষয়ে জেনেছি। কিন্তু এখন পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর