Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: মীর শাহে আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৬ ১৬:১৫

রংপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

রংপুর: নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট রাজনৈতিক দল যত ষড়যন্ত্রই করুক, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই।’

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় রংপুরে ‘শহিদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ ও ‘শহিদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শহিদ আবু সাঈদের বাবা, মা ও ভাই উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের এই ঐতিহাসিক দিনে জাতিকে জানাতে চাই—পরাজিত ফ্যাসিস্ট, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশে যত ষড়যন্ত্রই করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ এই বাংলাদেশে নেই।’

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশকে নতুন করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িতদের জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন এবং বলেন, ‘এই বাংলাদেশ আর কারো তাঁবেদারি করবে না। এই দেশ জনগণের পক্ষে থাকবে, দেশের স্বাধীনতার পক্ষে থাকবে এবং লাল-সবুজের পতাকার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যা যা করার প্রয়োজন, আমরা করব ইনশাআল্লাহ।’

নিষিদ্ধ ঘোষিত সংগঠন দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা মেরে ও থানা পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

মীর শাহে আলম বলেন, ‘বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে আগের সরকারের মতো গুম, হত্যা, গুলি চালিয়ে কিছু নির্মূল করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘জনগণ যদি মনে করে তাদের এলাকায় থানা, সরকারি অফিস বা আদালতের প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে তা রাখবে না—এটা জনগণের ওপর নির্ভর করবে যে জনগণ কী চায়।’

প্রতিমন্ত্রী দাবি করেন, সারা দেশের জনগণের কাছে প্রমাণিত হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, যারা অগ্নিসংযোগ, বোমা হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়ে দেশে তাসের রাজত্ব কায়েম করেছিল।’

তিনি বলেন, ‘নতুন করে ভাববার সময় এসেছে। সংবিধান সংশোধন হচ্ছে—সেখানে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে তা করবে ইনশাআল্লাহ।’

স্টেডিয়াম উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এই অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের প্রয়োজন রয়েছে। ইতোমধ্যে স্টেডিয়াম সংস্কারের জন্য ৫৪ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, রংপুর সিটি কর্পোরেশনের সংস্কার ও উন্নয়নের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১,৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহত্তর রংপুর অঞ্চলের উন্নয়নের জন্য ৫,৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে এবং শুধু রংপুর জেলার উন্নয়নের জন্য ৫৫০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এছাড়া গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম—এই চার জেলার জন্য আলাদা আলাদা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, দ্বিতীয় পদ্ম সেতু ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষার জন্য সেতু কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

সাংগঠনিক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আমি সংগঠনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নেই। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এখানে এসেছি। সংগঠনের ব্যাপারে এই মুহূর্তে আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না।” অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “সারা দেশে অগ্নিসন্ত্রাস হচ্ছে না, নির্দিষ্ট একটি জেলায় ঘটছে। পুরোনো ভিডিও এআইয়ের মাধ্যমে বিভিন্নভাবে সরানো হচ্ছে। সারা দেশের আইনশৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে এবং জনগণের নিরাপত্তার মধ্যে রয়েছে। এর পরেও ধৈর্যের বাইরে গেলে প্রয়োজন হলে সরকার ব্যবস্থা নেবে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনের আইন ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। এখন দলীয়ভাবে নির্বাচন হবে না, কোনো দলীয় প্রতীক থাকবে না এবং দল থেকে সরাসরি মনোনয়নের সুযোগ নেই। ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে হবে। তবে বিএনপির নির্দেশনা অনুযায়ী উপজেলা ও জেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে প্রার্থীকে সমর্থন দেবে।

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং ক্রীড়া সংস্থার সাথে জড়িত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর