রংপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে সারের কোনো প্রকৃত সংকট নেই।
জনগণের সরকারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু এলাকায় কৃত্রিমভাবে সার সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সার নিয়ে সংকট আছে বলে আমি মনে করি না।’
তার দাবি, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর ও নড়াইলের মতো জেলাগুলোতে কৃত্রিম সংকট দেখানো হচ্ছে।
মীর শাহে আলম আরও বলেন, ‘আমি মনে করি, জনগণের সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের দলের রাজনৈতিক কর্মীর দ্বারা হইচই করিয়ে এই কৃত্রিম সারের সংকট তৈরি করা হয়েছে।’ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিদ্যমান ডিলারদের বাইরে নতুন ডিলার নিয়োগ দিচ্ছে বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিরোধীদলীয় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে বলেন, ‘বিদেশি এজেন্ডা বাস্তবায়ন ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্যই এসব কর্মসূচি নেওয়া হচ্ছে।’
এছাড়া শহিদ আবু সাঈদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রতিমন্ত্রী তার বাড়ি ও কবরস্থানের সৌন্দর্যবর্ধন এবং পরিবারের থাকার ব্যবস্থার জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই অর্থ দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসনের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।