Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএমই খাতকে রফতানিমুখী করতে বিশেষায়িত শিল্পাঞ্চল গড়তে হবে: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৪:২৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১৪:২৮

ঢাকা: দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রফতানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ইতালির মতো বিশেষায়িত শিল্প ক্লাস্টার গড়ে তুলতে হবে। দেশের একেকটি অঞ্চলকে একেক ধরনের পণ্যের উৎপাদন ও বিপণনের জন্য পরিচিত করে তুলতে পারলে বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিপণনের বিকল্প নেই। এ খাতকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য সংযোজন শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, নতুন উদ্যোক্তাদের সামনে ইতালির উদাহরণ তুলে ধরতে চাই। দেশটির অর্থনীতির অন্যতম বড় ভিত্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বিশেষায়িত শিল্প ক্লাস্টার। ইতালির একেকটি অঞ্চল একেকটি পণ্যের জন্য বিখ্যাত। কোথাও চামড়াজাত পণ্য ও জুতা, কোথাও সিরামিক টাইলস উৎপাদিত হয়। এভাবে বিশেষায়িত পণ্যের উৎপাদন দেশটিকে বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশে পরিণত করেছে। ইতালির মোট ব্যাবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্প।

বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতি কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় সৃজনশীলতা ও নকশা কেন্দ্র প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে সরকার আশা করছে।

তিনি বলেন, এসব পণ্যের আধুনিক নকশা, উন্নতমান বজায় রাখা ও যথাযথ প্যাকেজিংয়ের মাধ্যমে বিশ্ববাজারে পরিচিতি বাড়াতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকেও সরকার আন্তরিকভাবে সহায়তা দিতে প্রস্তুত। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আগামী পাঁচ বছরে অন্তত পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে। এখন আরও নতুন নতুন পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য প্রস্তুত হতে হবে। চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পসহ সম্ভাবনাময় খাতে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো সময়ের দাবি।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে রফতানিমুখী উৎপাদনব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে।

এসএমই খাতের বিকাশে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জাতীয় এমএসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। শিগ্‌গিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ নীতিমালার রূপকল্প হচ্ছে বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রফতানি প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেটওয়ে) হিসেবে প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ খাতের মাধ্যমে ২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায় সরকার। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও পরিচালনা সহজ করতে প্রশাসনিক জটিলতা ও ব্যয় কমানো হচ্ছে। সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি এসএমই খাতের ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা হয়েছে। ক্রেডিট হোলসেলিং কর্মসূচির মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে ঋণসুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তাঁদের অর্থায়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি ও বিপণনের বাধা দূর করতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। নতুন উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই-সৃষ্টি’ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর