সিরাজগঞ্জ: শখ থেকে শুরু, এখন নেশা। দুর্লভ ও বিপন্ন প্রজাতির গাছ সংগ্রহ করতে গিয়ে নিজের বাড়িতেই গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক বৃক্ষবাগান। শুধু গাছের সংগ্রহশালা নয়, শিশুদের প্রকৃতিপ্রেমী করে তুলতে সেখানে প্রতিষ্ঠা করেছেন ‘পরিবেশ ও প্রকৃতি পাঠশালা’। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের মাহবুবুল ইসলামের এমন উদ্যোগ এখন পরিবেশপ্রেমীদের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে।
পেশায় বেসরকারি ব্যাংক কর্মকর্তা মাহবুবুল কর্মসূত্রে রাজশাহীতে থাকেন। ছুটির দিনগুলো কাটে নিজের গড়া বাগানে। ছয় বিঘা জমির এ বাগানে রয়েছে দেশি-বিদেশি ৩৪৫ প্রজাতির গাছ। এর মধ্যে ২০১২ সালে বন বিভাগের ঘোষিত ৪৫টি বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষের ৪৩টিই সংগ্রহ করেছেন তিনি।
২০০৩ সালে ইউক্যালিপটাসের ক্ষতিকর দিক সম্পর্কে জানার পর দেশি গাছ রোপণ শুরু করেন মাহবুবুল। পরে দুর্লভ বৃক্ষ সংগ্রহের নেশায় দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান। সুন্দরী, বৈলাম, গর্জন, চাপালিশ, তেলসুর, নাগলিঙ্গম, মহুয়া ও বুদ্ধনারিকেলসহ নানা প্রজাতির গাছ রয়েছে তার সংগ্রহে।
২০২০ সালে বাগানেই চালু করেন ‘পরিবেশ ও প্রকৃতি পাঠশালা’। প্রতি শুক্র ও শনিবার শিশুদের গাছ চেনা, বৃক্ষরোপণ, পরিচর্যা, পাখি ও পরিবেশের ভারসাম্য বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। এ পর্যন্ত আশপাশের এলাকার ৭০ জন শিশু পাঠশালায় নিবন্ধিত হয়েছে। প্রতি সপ্তাহে পাঠ নিতে আসে ১০ থেকে ১৫ জন।
বিরল বৃক্ষ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন মাহবুবুল। তার স্বপ্ন, বাগানটিকে একদিন কৃষি জাদুঘর ও গবেষণাগারে রূপ দেওয়া। এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, যা তার অবর্তমানেও বৃক্ষ সংরক্ষণ ও প্রকৃতিশিক্ষার কাজ চালিয়ে যাবে।