সিলেট: খাসি ভাষায় গান, নৃত্য, খেলাধুলা ও পান গোছানোর প্রতিযোগিতাসহ নানান আয়োজন এবং পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে—খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার (২৩ নভেম্বর)।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জি মাঠে দিনব্যাপী এ উৎসব সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী, এবার ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নেবেন খাসিয়া সম্প্রদায়ের মানুষ। প্রতি বছর ২৩ নভেম্বর এ উৎসব উদযাপন করা হয়। খাসিয়া জনগোষ্ঠীর কাছে দিনটি অত্যন্ত আনন্দ, আবেগ ও ঐতিহ্যের।
এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে অতিথি ও পর্যটকদের সমাগম ঘটে। খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জিতে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ। ইতোমধ্যে মাগুরছড়া ফুটবল মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতা দিয়ে প্রাকৃতিক পরিবেশে সাজানো হয়েছে মূল মঞ্চ। মাঠজুড়ে বসবে ঐতিহ্যবাহী পণ্যের মেলা ও বিভিন্ন স্টল। উৎসবের দিন খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজেদের ঐতিহ্যবাহী বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে অংশ নেবে এ মিলনমেলায়।
বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে উৎসবে থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে খাসিয়া নারীদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা, তীর-ধনুক ও গুলতি চালানো, পান গুছানো প্রতিযোগিতা এবং খাসি ভাষায় গান পরিবেশন।
তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠতে পারলে বিজয়ীদের জন্য রয়েছে মুঠোফোন পুরস্কার। খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্যমতে, ‘সেং কুটস্নেম’ শব্দের বাংলা অর্থ খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ এ অনুষ্ঠান পালন করে আসছেন। তবে বাংলাদেশে ২০১১ সাল থেকে এটি বড় পরিসরে উদযাপিত হচ্ছে। ব্রিটিশ শাসনামলে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়লে কয়েকজন সচেতন খাসি তরুণ ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। ঐতিহাসিক সেই দিনটি ছিল ২৩ নভেম্বর। এরপর থেকেই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে আসছে খাসিয়া সম্প্রদায়ের মানুষ।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সাজু মারছিয়াং বলেন, চায়ের রাজধানীখ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ নিজস্ব ঐতিহ্য বজায় রেখে বসবাস করছে। প্রতি বছর ২৩ নভেম্বর পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে এ উৎসবের আয়োজন করা হয়। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সজ্জিত হয়ে নাচ-গানের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি তুলে ধরে খাসিয়া সম্প্রদায়ের মানুষ। এ আয়োজনে খাসিয়াদের পাশাপাশি বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকরাও অংশ নেয়।