রংপুর: জেলার বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। পরে মকবুলকে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে খামারের চিকিৎসক ও গাড়িচালকসহ চারজনকে আটক করেছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
নিহত মকবুল হোসেন দিনমজুর ছিলেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৌলভীর ডাঙ্গা গ্রামে। মৌলভীর ডাঙ্গা গ্রামটি বদরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী। মকবুলের স্ত্রী আঞ্জুয়ারা ও দুই মেয়ে রয়েছে। তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন।
পুলিশ জানায়, নির্যাতনের পর মুমূর্ষু অবস্থায় মকবুলকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। সোমবার মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘চোর সন্দেহে হাত-পা বেঁধে পেটানোর কারণে মকবুল মারা গেছে। আঘাতে তার পুরো শরীরে রক্তাক্ত জখম হয়েছে। সকালে চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের দুজন এলাকার প্রত্যক্ষদর্শী। বাকি দুজন হলেন খামারের চিকিৎসক সৈয়দ আসেফ আক্তার (২৮) ও খামারের গাড়িচালক শিহাব বাবু (২৪)।’
ওসি জানান, থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আসেফ ও শিহাবকে মামলায় গ্রেফতার দেখানো হবে।
পুলিশের হেফাজতে থাকা আসেফ আক্তারের বরাত দিয়ে ওসি হাসান জাহিদ বলেন, ‘খামারে চুরির সময় নিরাপত্তাকর্মীরা মকবুলকে ধরে ফেলে। তার সঙ্গে থাকা অন্য তিনজন পালিয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীসহ খামারের শ্রমিকেরা মকবুলকে গাছে বেঁধে পেটায়।’ আসেফের দাবি, খামারে দৈনিক ৫০ জন কর্মচারী কাজ করেন এবং ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
খামার ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, খামারে ৩৮ হাজার মুরগি আছে। যত দূর শুনেছি, মকবুল চুরি করতে গিয়ে ধরা পড়েন। প্রাচীর টপকে পালানোর সময় দেয়াল থেকে পড়ে তিনি আহত হয়েছিলেন।
এদিকে নিহত মকবুলের স্ত্রী আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে চোর সন্দেহে সারা রাত আটকে রেখে অমানবিক নির্যাতন করে মেরে ফেলেছে। আমার স্বামী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তাকে এভাবে মেরে ফেলেছে, ভাবতেও আমার বুক ফেটে যাচ্ছে। এখন আমি দুই সন্তানকে নিয়ে কোথায় যাব? কে দেখবে আমার সন্তানদের? ওদের একটুও মায়া হলো না।’
মকবুলের চাচাতো ভাই মাহাবুর রহমানের দাবি, পূর্বশত্রুতার জেরে মকবুলকে মুরগির খামারে ধরে নিয়ে মারধর করা হয়েছে। তিনি জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, চুরির অভিযোগ ও পূর্বশত্রুতার বিষয়টি তদন্তে বিবেচনা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও নির্যাতনের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।