চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে কোন যানবাহনের ধাক্কায় বা কীভাবে ওই বৃদ্ধ মারা গেছেন, তা শনাক্ত করা যায়নি।
নিহত নজরুল ইসলাম (৭০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাতে নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আখন্দ জানান, খুব ভোরে হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দারা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পাশে বৃদ্ধ নজরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।