সেঞ্চুরিয়ান টেস্টে আগে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে গুটিয়ে আগেই খাদের কিনারায় চলে গিয়েছিল বাংলাদেশ। চার পেসার নিয়ে একাদশ সাজানো বাংলাদেশ বোলিংয়ে ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা ছিল দেখার। কিন্তু ঘুরে দাঁড়ানো দূরের কথা উল্টো আরও বিপদে পরেছে সফরকারীরা। টেস্টের দ্বিতীয় দিনেই লিডের পাহাড়ে চাপা পরেছে বাংলাদেশ।
বাংলাদেশের ৯১ রানের জবাব দিতে নেমে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ইতোমধ্যেই লিড দাঁড়িয়েছে ৪০৩ রান। লিডটা আরও বাড়ানোর সুযোগ আছে দক্ষিণ আফ্রিকার। সে হিসেবে ইনিংস হারের বড় শঙ্কার মুখে এখন বাংলাদেশ।
যে পিচে প্রোটিয়া পেসাররা বাংলাদেশি ব্যাটারদের বিপক্ষে রীতিমতো আগুন ঝড়িয়েছেন সেই পিচেই বাংলাদেশি পেসাররা সুবিধা করতে ব্যর্থ। দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা অবশ্য ব্যাটিংও বেশ ভালো করেছেন। আর তাতে বাংলাদেশের ফিল্ডারদেরও অবদান! ক্যাচ ছেড়েছেন তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম রবিন।
১ উইকেটে ৮৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মার্কাস অ্যাকারম্যান ও জুবাইর হামজা খেলছিলেন নিজেদের মতো করে। একপ্রান্তে উইকেটে পড়ে থাকতে চেয়েছেন হামজা, অপর দিকে অ্যাকারম্যান রান তুলেছেন অনেকটা ওয়ানডে মেজাজে। ইবাদত হোসেন ভাঙেন এই জুটি। ৬১ বলে ২৭ রান করা হামজাকে ফেরান বাংলাদেশের ডানহাতি পেসার।
তবে এতে দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি কমেনি। অ্যাকারম্যান ছিলেন দারুণ আগ্রাসী। আগের টেস্টে সেঞ্চুরি করা ওপেনার সেঞ্চুরিয়ানেও বাংলাদেশি বোলারদের ওপর কর্তৃত্ব দেখিয়েছেন। খেলেছেন ১৩৮ বলে ১৫০ রানের ঝোড়ো ইনিংস। চারে নামা টনি ডি জর্জি অবশ্য খেলেছেন রয়েসয়ে। তবে তার ইনিংসটাও ছিল বড়। দুজনের ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ১৩৭ বলে ৬৬ রান করা ডি জর্জিকে ফেরান তাসকিন আহমেদ।
লাঞ্চের পরও বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল। কিন্তু ইবাদতের বলে ম্যাথু ব্রিটজের ক্যাচ স্লিপে ফেলেন অধিনায়ক শান্ত। তখন ব্রিটজকের রান ছিল ১০। জীবন পেয়ে অবশ্য খুব বেশি দূর এগোতে পারেননি। খালেদ আহমেদের বলে বিদায় নেন ২০ রান করে।
এরপর রায়ান রিকেলটনও দ্রুত ফিরে যান। শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দেন ২০ রান করে। ডি জর্জি অবশ্য সতর্ক ব্যাটিংয়ে নিজের ফিফটি পূর্ণ করেন। ভিয়ান মুল্ডারের সঙ্গে জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে আরও এগিয়ে নেন। দুজনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লিড আড়াইশ ছাড়িয়ে যায়। চা-বিরতির সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩৫৬ রান।
এরপরও বাংলাদেশের বোলারদের জন্য স্বস্তি ফেরেনি। ডি জর্জি ৬৩ রান করে তাসকিনের বলে আউট হলেও মুল্ডার ও মার্কো ইয়ানসেনের জুটি দক্ষিণ আফ্রিকার ইনিংসকে বড় থেকে বৃহৎ করেছে। শেষ সেশনে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন মুল্ডার ও ইয়ানসেন। সপ্তম উইকেটে ১০৬ রান যোগ করেন দুজন। ৫৮ বলে ফিফটি করা ইয়ানসেনের সঙ্গে মুল্ডারও তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। দিনের শেষ ওভারে তাওহীদ হৃদয়ের বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুল্ডার। ১৭৮ বলে ১০০ রানের ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। হৃদয়ের এটা প্রথম টেস্ট উইকেট।
৯১ বলে ৬৭ রানে অপরাজিত ইয়ানসেন, তাঁর সঙ্গে উইকেটে আছেন সাইমন হার্মার। বাংলাদেশের হয়ে খালেদ ও শরীফুল দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে পেয়েছেন ইবাদত, তাসকিন ও হৃদয়।