Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারখানা স্থাপন ও উৎপাদন খাতে চীনা বিনিয়োগ চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১৭:৩৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ১৭:৩৭

ঢাকা: বাণিজ্য ঘাটতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি ও রফতানি বহুমুখীকরণে বাংলাদেশে কারখানা স্থাপন এবং উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও চীনা দূতাবাসের যৌথ আয়োজনে ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রফতানির মাত্র ১ দশমিক ৭১ শতাংশ গেছে চীনে। এ পরিস্থিতি পরিবর্তনে আমদানি-রফতানির পাশাপাশি যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে হবে। চীনা উদ্যোক্তারা বাংলাদেশে কারখানা স্থাপন করে এখানকার দক্ষ জনশক্তি ও ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পণ্য রফতানি করতে পারেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে আধুনিক ও পরিবেশবান্ধব লজিস্টিকস হাবে পরিণত করতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। মাতারবাড়ীর মতো আরও একটি বড় বন্দর অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি চাঁদপুরকে বন্দর ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা, চাঁদপুর-শরীয়তপুর সেতু বা টানেল নির্মাণ এবং বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে শিপিং ও লজিস্টিকস কোম্পানি প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা তুলে ধরে উপদেষ্টা বলেন, কুনমিং থেকে মিয়ানমারের কিয়াউকফিউ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ এবং কিয়াউকফিউ বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সমুদ্রপথে সংযোগ স্থাপন করা গেলে আঞ্চলিক বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হবে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের গঠনমূলক ও জোরালো কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। এ ছাড়া চীন ও বাংলাদেশের কূটনীতিক, গবেষক, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশ নেন।

বিজ্ঞাপন

৭ জেলায় নতুন পুলিশ সুপার
২৫ নভেম্বর ২০২৬ ১৭:৩১

আরো

সম্পর্কিত খবর