Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জল-জমিনের অদৃশ্য ক্ষতে থেমে আছে উপকূলের শিশুদের ভবিষৎ

সাতক্ষীরা থেকে ফিরে ফারহানা নীলা, সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৬ ০৮:০৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০১:৪৫

উপকূল থেকে বাস্তুচ্যুত শিশুরা। ছবি: সারাবাংলা

সাতক্ষীরার: তখনও ভোরের আলো ভালোভাবে ফোটেনি। কুয়াশার চাদর ভেদ করে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নদী তীরবর্তী ঝুপরি এক ঘর থেকে বেরিয়ে পড়ে ১৪ বছরের কিশোর সোহেল (ছদ্মনাম)। বছর দুয়েক আগেও এই ভোরবেলাটা তার কাছে ছিল অন্যরকম। পরনে থাকত স্কুলের ইউনিফর্ম, হাতে বই-খাতা, আর চোখে একরাশ স্বপ্ন।

কিন্তু, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আর রাক্ষুসে নদীভাঙন সোহেলের জীবনের গল্পটা বদলে দিয়েছে। বসতভিটা হারিয়ে তার পরিবার এখন আশ্রয় নিয়েছে বেড়িবাঁধের ধারে। একদিকে প্রতিদিনের খাবার জোগানোর তীব্র লড়াই, অন্যদিকে নতুন ঠিকানা থেকে স্কুলের দীর্ঘ পথ- সব মিলিয়ে সপ্তম শ্রেণিতেই থেমে গেছে সোহেলের পড়াশোনা। বই-খাতার বদলে তার কচি হাতে এখন কাঁকড়া ধরার সরঞ্জাম; সে এখন পুরোদস্তুর জলমজুর।

বিজ্ঞাপন

কাঁকড়া ধরার ফাঁকে দীর্ঘশ্বাস ফেলে সোহেল সারাবাংলার এই প্রতিবেদককে বলে, ‘সকালে যখন দেখি অন্য ছেলেরা কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায়, আমারও যাইতে মন চায়। ভাবছিলাম ঢাকায় গিয়া পড়াশোনা কইরা পুলিশ হমু। কিন্তু নদীতে আমাগো ঘরবাড়ি সব ভাইসা গেছে। এখন স্কুলে গেলে ঘরে খাবার থাকে না। স্কুলের সময়েই কাঁকাড়ার ঘেরে আসোন লাগে।’

সোহেলের মতো এমন হাজারো শিশুর শৈশব আজ জলবায়ু পরিবর্তনের নির্মম আঘাতে বিপন্ন। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, নদীভাঙন আর লবণাক্ততার আগ্রাসনে ঘরবাড়ি হারানোর দৃশ্যমান ক্ষতির আড়ালে চাপা পড়ে যাচ্ছে একটি বিশাল প্রজন্মের শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক পরিচয়। বিশেষজ্ঞরা একে বলছেন ‘অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি’ বা নন-ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ (এনইএলডি)।

শুধু সোহেল নয়, উপকূলের অনেক কিশোরীর জীবনেও নেমে এসেছে অকাল বার্ধক্য। গাবুরা এলাকার ১৫ বছর বয়সী কিশোরী মিতু (ছদ্মনাম) সারাবাংলাকে জানায়, নদীভাঙনে বাড়ি হারানোর পর নতুন আশ্রয়স্থল থেকে তার স্কুল প্রায় চার কিলোমিটার দূরে। নির্জন ও ভাঙাচোরা রাস্তায় একা যাতায়াত করা নিরাপদ নয় বলে পরিবার তার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। মিতু বলে, ‘আমি আরও পড়তে চেয়েছিলাম। কিন্তু মা-বাবা ভয়ে স্কুলে যাইতে দেয় না। এখন শুনছি আমারে বিয়া দিয়া দিব।’

উপকূলীয় বাস্তুচ্যুত পরিবারগুলোর অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পেছনে কাজ করছে বহুমুখী সংকট। শ্যামনগরের বাস্তুচ্যুত এক অভিভাবক আক্ষেপ করে সারাবাংলাকে বলেন, ‘নদী আমাদের সব কেড়ে নিয়েছে। এখন পেটের ভাত জোগাড় করব, নাকি ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালাব? নতুন যে জায়গায় উঠেছি, সেখান থেকে স্কুল অনেক দূরে। বিশেষ করে বড় মেয়েদের এত দূরের নির্জন রাস্তায় একা স্কুলে পাঠানো মোটেও নিরাপদ নয়। তাই বাধ্য হয়েই মেয়ের পড়াশোনা বন্ধ করে বিয়ের কথা ভাবতে হচ্ছে। আর ছেলেটাকে কাজে পাঠিয়েছি।’

উপকূল থেকে বাস্তুচ্যুত শিশুরা। ছবি: সারাবাংলা

উপকূল থেকে বাস্তুচ্যুত শিশুরা। ছবি: সারাবাংলা

উপকূলীয় বাস্তুচ্যুতির এই অদৃশ্য ক্ষতি কেবল টাকা-পয়সায় মাপা যায় না। নতুন এলাকায় গিয়ে এসব পরিবার ‘উদ্বাস্তু’ বা ‘বহিরাগত’ পরিচয়ে পরিচিত হয়, যা শিশুদের মনে গভীর মানসিক চাপ তৈরি করে। সাতক্ষীরার স্থানীয় উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত সারাবাংলাকে বলেন, ‘বাস্তুচ্যুতির কারণে কেবল ঘর বা জমি হারায় না, হারিয়ে যায় মানুষের সামাজিক পরিচয় ও শিকড়। শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, বাল্যবিবাহ বৃদ্ধি পাওয়া এবং ঠিকানা হারানোর মানসিক চাপ সমাজকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। এসব ক্ষতি অর্থের মাপে হিসাব করা সম্ভব নয়।’

পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের (প্রাণ) তথ্যানুযায়ী, ৬ থেকে ১৮ বছর বয়সী উপকূলীয় বাস্তুচ্যুত শিশু-কিশোরদের ৩৩ দশমিক ২ শতাংশই আজ স্কুলের গণ্ডির বাইরে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝরে পড়ার এই হার আরও উদ্বেগজনক রূপ নেয়। ১৬ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে মাত্র ৩৫ দশমিক ৩ শতাংশ। আর বিদ্যালয়ছুট এসব শিশুদের ৩০ শতাংশই পরিবারের অভাব মেটাতে যুক্ত হয়ে পড়ছে নানা ধরনের বিপজ্জনক শ্রমে।

উপকূলের এই বিপন্ন প্রজন্মের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরী। সারাবাংলাকে তিনি বলেন, ‘দুর্যোগ ও বাস্তুচ্যুতির ফলে শিশুদের শিক্ষাজীবন ব্যাহত হওয়া এবং দীর্ঘমেয়াদি মানসিক ট্রমা মোকাবিলায় বিশেষ নীতিগত পদক্ষেপ প্রয়োজন। দেশের প্রায় ৩২ শতাংশ ভূ-খণ্ডজুড়ে বিস্তৃত উপকূলে প্রায় চার কোটি মানুষের বাস। লবণাক্ততা, ভাঙন ও সুপেয় পানির সংকট সমাধান না হলে মানুষ জীবিকা ও ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হতে বাধ্য হবে। যার সরাসরি প্রভাব আরও বেশি পড়বে শিশুদের ওপর।’ তাই উপকূলীয় সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, উপকূলের এই শিশুদের শৈশব ফিরিয়ে দিতে কেবল বাঁধ বা অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, প্রয়োজন মানবিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। জলবায়ু অভিযোজন ও ক্ষতিপূরণ তহবিলের আওতায় বাস্তুচ্যুত শিশুদের জন্য আবাসিক বা নিরাপদ যাতায়াতসহ বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, পরিবারগুলোর জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং কিশোরীদের বাল্যবিবাহ রোধে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তা না হলে জলবায়ু পরিবর্তনের এই অদৃশ্য ক্ষত উপকূলের আগামী প্রজন্মকে চিরস্থায়ী দারিদ্র্য ও অনিশ্চয়তার চক্রে বন্দি করে ফেলবে।

জলবায়ু অভিযোজন ও ক্ষতিপূরণ তহবিলের আওতায় বাস্তুচ্যুত শিশুদের জন্য আবাসিক বা নিরাপদ যাতায়াতসহ বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিবারগুলোর বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের এই নির্মম বাস্তবতায় সোহেল কিংবা মিতুদের মতো উপকূলের হাজারো শিশুর হাতে কি আর কখনো বই-খাতা ফিরবে, নাকি লবণাক্ত জলের স্রোতেই ভেসে যাবে তাদের আগামীর স্বপ্ন- সেই উত্তর আজও অজানা।