ঢাকা: সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন এবং বাংলাদেশে দেশটির বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ফিলিপ ওংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ গুরুত্বারোপ করেন। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন ফিলিপ ওং। পরে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
সাক্ষাৎকালে ঢাকায় নতুন দায়িত্ব পাওয়ায় ফিলিপ ওংকে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা, জলবায়ু সহযোগিতা সংক্রান্ত সম্প্রতি সই করা সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন এবং শ্রম খাতে সহযোগিতা এগিয়ে নিতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
জবাবে ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুরে সরকারি সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
আলোচনায় আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ এবং ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসেপ)-এর সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন হুমায়ুন কবির।
এ ছাড়া, গত ১৯ নভেম্বর ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।