ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাডি আইজেনকোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) দেওয়া এই প্রস্তাব অনুযায়ী, আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। নেতানিয়াহু থাকবেন বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়ে নেতানিয়াহু বলেন, ‘নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছুকে একপাশে সরিয়ে রাখা… এবং এই ঐকমত্যে পৌঁছানো যে, গাডি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, আর আমি মেয়াদের শুরুতে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব।’
ধারণা করা হচ্ছে, তিনি নেতানিয়াহু-বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠন করতে চান। মধ্যপন্থি দল ‘ইয়াশার’ নেতানিয়াহুর ডানপন্থি দল ‘লিকুদ’-এর সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে।
এমন সময়ে এ প্রস্তাব দেওয়া হল যখন আগামী কয়েক দিনের (৬ ডিসেম্বর) মধ্যেই নতুন সরকার গঠনের ঘোষণা আসার কথা রয়েছে।
যদিও গত শুক্রবার আইজেনকোট অভিযোগ করেন যে, লিকুদ পার্টি নতুন নির্বাচনের পথ তৈরি করার উদ্দেশ্যে জোট গঠনের আলোচনাকে বিলম্বিত করছে।
এক বিবৃতিতে আইজেনকোট বলেন, ‘লিকুদ… কোনো ধরনের সমঝোতায় আসতে আগ্রহী নয়। গত দুই সপ্তাহে তারা একটি সুনির্দিষ্ট প্রস্তাবও উত্থাপন করেনি।’
বিষয়টি নিয়ে আইজেনকোটের রাজনৈতিক শিবিরে বিভাজন দেখা দিয়েছে। অতি-অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট গড়া উচিত, আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে জোট করা উচিত, নাকি লিকুদের সঙ্গে একটি ঐক্য সরকার গঠন করা উচিত, এ নিয়েই চলছে নানা হিসেব-নিকেশ।
এদিকে নেতানিয়াহুর এই পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রস্তাব নিয়ে উপহাস করেছেন তার বিরোধীরা।
আরব-সংখ্যাগরিষ্ঠ ‘জয়েন্ট লিস্ট’-এর নেতা ইউসেফ জাবারিন লিখেছেন, ‘গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠ অংশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে- রক্তে রঞ্জিত ও দায়িত্বজ্ঞানহীন এই সরকারকে বিদায় নিতেই হবে। এখন সময় এসেছে ইহুদি ও আরব—উভয় সম্প্রদায়ের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা পূরণের এবং আগামী সপ্তাহেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার।’
সাবেক প্রধানমন্ত্রী ও মধ্যপন্থি দল ‘বেয়াচাদ’-এর সহ-সভাপতি ইয়ার লাপিদ লিখেছেন, ‘নেতানিয়াহুর এই প্রস্তাবটি একজন ধারাবাহিক প্রতারকের আরও একটি স্পষ্ট ধাপ্পাবাজি মাত্র; যিনি অতীতে প্রতিটি বন্ধুকে প্রতারিত করেছেন এবং প্রতিটি চুক্তি ভঙ্গ করেছেন।’
ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, আরব-ইসরায়েলি দলগুলোর মধ্যে অন্যতম ‘রাআম’-এর নেতা মানসুর আব্বাস শনিবার হামাসকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দিতে পারেন। এই পদক্ষেপটি আইজেনকোটের নেতৃত্বাধীন সম্ভাব্য জোটে তার দলের যোগ দেওয়ার পথ প্রশস্ত করতে পারে।
তবে আইজেনকোটের মিত্রদের কেউ কেউ আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করার বিরোধিতাও করছেন।