Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জিডিপিতে করের অবদান বাড়াতে কিছু পণ্যের ভ্যাট বৃদ্ধি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২১:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে নয়, জিডিপিতে করের অবদান (ট্যাক্স-জিডিপি রেশিও) বাড়াতে সরকার কিছু পণ্যের ভ্যাট বাড়িয়েছে।

রোববার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্থিতিশীলতা বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে। গত ৫ মাসে আমাদের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা। এ ঘাটতি আমাদের মেটাতে হবে।’

শফিকুল আলম বলেন, ‘সত্যিকার অর্থে আমরা চাচ্ছি যে, ট্যাক্স এমন একটা জায়গায় যাক যেন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। ট্যাক্স-জিডিপি অনুপাত কমে যাওয়া মানে যে ঋণ করা হচ্ছে, তা পরিশোধ করা সম্ভব নাও হতে পারে। দেশের মানুষের ভালোর জন্য এবং প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে। এর পরিপ্রেক্ষিতেই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা বলছি না যে, ট্যাক্স বাড়ালে মানুষের ওপর প্রভাব পড়বে না। তবে আমরা মনে করছি— সেটা খুবই মিনিমাম হবে।’

আইএমএফের চাপে ভ্যাট বাড়ানো হচ্ছে কি না? এমন এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আইএমএফের কথা আমরা কেন নেব? আমাদের এখানে অর্থনীতিবিদেরা আছেন। আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা দরকার। এটা না থাকলে টাকার মান কমে যায়।’

সারাবাংলা/জিএস/পিটিএম