Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনের আগুন রাতেই নিয়ন্ত্রণে আসবে: বন বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২৩:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন কলম তেজী এলাকার আগুন রাতের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেছে বন বিভাগ।

শনিবার (২২মার্চ) রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে টহলরত বনকর্মীরা আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিভাগীয় বন কর্মকর্তা ও চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক।

অগ্নিনির্বাপণে বন বিভাগের কর্মীদের পাশাপাশি ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রল গ্রুপের শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবক যুক্ত হন। আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চারপাশে ফায়ার লাইন তৈরি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অগ্নিকাণ্ডস্থল নদী বা খাল থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন। তবে আগুন কেবল বনের মেঝেতে রয়েছে, উপরের দিকে ছড়ায়নি। বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে এক কিলোমিটার পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়েছে, আর ফায়ার সার্ভিসের সহায়তায় তিন কিলোমিটার দূরে অগ্নিকাণ্ডস্থলে পানি পৌঁছানোর প্রচেষ্টা চলছে, যা এরই মধ্যে সফল হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ, মন্ত্রণালয় ও বন অধিদফতরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক বিষয়টি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আশা করা যায়, রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো