Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাইভেটকারে ৬ কোটি টাকার সোনার বার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৪:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: যশোরে অভিযান চালিয়ে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল নীলগঞ্জ ব্রিজ এলাকায় চিকিৎসকের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। আটকৃতরা হলেন শার্শার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছার উত্তর কঢারপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানে সোনার বার ছাড়াও একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইলফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। এর সঙ্গে কার, মোবাইলফোন ও নগদ অর্থ মিলিয়ে মোট জব্দমূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলবে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর