Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিবালয়ে পাহারাদারকে বেঁধে ২ স্পিডবোটের ইঞ্জিন লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ২০:২২

ইঞ্জিন লুট হওয়া স্পিডবোট।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাটে পাহারাদারকে হাত-পা বেঁধে দু‘টি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। পরে পদ্মা নদীর মাঝামাঝি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ থেকে বোট দু’টি উদ্ধার করা হলেও ইঞ্জিনের কোনো সন্ধান মেলেনি। ক্ষতিগ্রস্ত মালিকদের দাবি, লুট হওয়া দু’টি ইঞ্জিনের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বুলবুল আহমেদ ও শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফকির।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল ঘাটে প্রবেশ করে পাহারার দায়িত্বে থাকা কোব্বাত আলী (৭০) নামে এক বৃদ্ধকে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা দু’টি স্পিডবোট নিয়ে পদ্মা নদীর দিকে চলে যায়।

বিজ্ঞাপন

কিছুক্ষণ পর কোব্বাত আলী চিৎকার শুরু করলে বাজার এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। খবর পেয়ে স্পিডবোটের মালিক, পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদী থেকে স্পিডবোট দু’টি উদ্ধার করা হয়। তবে দুর্বৃত্তরা বোটের বডি অক্ষত রেখে ইঞ্জিন দু’টি খুলে নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।‌’

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো