Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯৯৯ নম্বরে ফোন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৬:৩৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়া ব্যক্তি।

ঢাকা: গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকার নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে বাঁচার জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন অভিযুক্ত ব্যক্তি। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বুধবার (১৯ আগস্ট) গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকার নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে কামরুল নামের একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।’

বিজ্ঞাপন

আনোয়ার সাত্তার বলেন, ‘খবর পেয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদ্বয়কে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিক্যাল হাসপাতালে নিয়ে ভর্তি করে।’

তিনি আরও বলেন, ‘কলার এবং তার সহযোগী জিহাদ (১৮) দুইজন মিলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। কলার জানান, তিনি নিজেও বিদ্যুতস্পৃষ্ট হয়েছেন; তবে তার আঘাত ততটা গুরুতর নয়।’

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর