Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোমারে ‘ইজিপিপি কাজ’ দেওয়ার প্রলোভনে ঘুস নেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৪

সদর ইউনিয়ন পরিষদ এবং উদ্যোক্তা ও কম্পিউটার অপারেটর আব্দুল কাদের।

নীলফামারী: জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও কম্পিউটার অপারেটর আব্দুল কাদেরের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ২১ জন ভুক্তভোগী।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগীরা টাকা আদায় করার উদ্দেশে ডোমার সদর ইউনিয়ন পরিষদে জড়ো হন। তাদের অভিযোগ, প্রায় ২ বছর আগে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে কাজ দেওয়ার আশ্বাস দিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা করে নেওয়া হয়। টাকা না দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এবং কাজ বাতিল করা হবে বলেও ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

রেজিনা বেগম ও আঞ্জু বেগম নামের দুই নারী ভুক্তভোগীর অভিযোগ করে বলেন, দুই বছর আগে মাটিকাটা প্রজেক্ট এর কাজ দেওয়ার কথা বলে ২ হাজার টাকা করে নেন ইউনিয়ন পরিষদের আব্দুল কাদের। কাজ না হারানোর ভয়ে সুদের উপর টাকা ধার নিয়ে কাদেরের হাতে দেন।

রবি রাম নামের আরেক ভুক্তভোগীর অভিযোগ, মাত্র ৪০ দিনের কাজের জন্য ২ হাজার টাকা করে সবাইকে দিতে হয়েছে। কাদেরকে টাকা দেওয়ার ২ বছর পার হয়ে গেলেও কাজের কোনো খবর নাই। শুনেছি সেই প্রজেক্ট আর নাই, তাই আজ টাকা নেওয়ার জন্য কাদের এর অফিসে এসেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ টাকা ছাড়া আব্দুল কাদের কোনো কাজ করেন না। ছোট খাটো কাজ করতে গেলেও তাকে ঘুস দিতে হয়। তার বিরুদ্ধে অভিযোগ দিলেও তার কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

ডোমার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল কাদের টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আগে থেকেই যারা কাজ করছে তারাই যেন আবার কাজের সুযোগটি পায় সেজন্য আমি টাকা নিয়েছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, সরকারি কর্মসূচিতে কাজের বিনিময়ে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। টাকা দেওয়া এবং নেওয়া উভয়ই আইনত অপরাধ। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর