Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ২৭৯ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, পাঠদান ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩১

জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

রাজবাড়ী: জেলার অর্ধেকেরও বেশি প্রাথমিক বিদ্যালয় এখন চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এতে বাড়তি দাফতরিক কাজের বোঝা বইতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। প্রশাসনিক শিথিলতায় শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এ সংকট নিরসন করা না হলে জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরো বিপর্যস্ত হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৪৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদের মধ্যে ৩৮৫টি পদোন্নতিযোগ্য এবং ৯৬টি পদ সরাসরি নিয়োগযোগ্য। বর্তমানে স্থায়ী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন মাত্র ২০২ জন, যার বিপরীতে শূন্য পদের সংখ্যা ২৭৯টি। এই শূন্য পদের মধ্যে পদোন্নতিযোগ্য ৩২৭টি এবং সরাসরি নিয়োগযোগ্য ৪৮টি। এর মধ্যে ৯৬ জন শিক্ষক ‘চলতি দায়িত্বে’ প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন এবং আইনি জটিলতার কারণে ২৮টি পদ সংরক্ষিত রয়েছে।

বিজ্ঞাপন

উপজেলাভিত্তিক তথ্যেও প্রধান শিক্ষক সংকটের চিত্র স্পষ্ট। রাজবাড়ী সদর উপজেলায় ১৩৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৫৮ জন এবং শূন্য রয়েছে ৭৬টি পদ। পাংশায় ১২১টি পদের মধ্যে কর্মরত ৪৭ জন, শূন্য ৭৪টি। বালিয়াকান্দিতে ৯৯টি পদের মধ্যে কর্মরত ৪২ জন, শূন্য ৫৭টি। কালুখালীতে ৭৬টি পদের মধ্যে কর্মরত ৩৮ জন, শূন্য ৩৮টি। আর গোয়ালন্দে ৫১টি পদের মধ্যে কর্মরত ১৭ জন, শূন্য রয়েছে ৩৪টি পদ।

সরেজমিনে শহীদ স্মৃতি স্টেডিয়াম, চর ধুঞ্চী, গোদার বাজার ও মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রধান শিক্ষক না থাকায় এসব স্কুলে শিক্ষার্থী উপস্থিতি কমছে ও পাঠদান বিঘ্নিত হচ্ছে।

শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা সুলতানা বলেন, দু’জনের দায়িত্ব একজন পালন করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে। অনেক শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে মেনে নিতে রাজি নয়। যে কারণে যে যার মতো আসা-যাওয়া করেন। আবার শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে অফিশিয়াল কাজ সম্পন্ন করতে হচ্ছে। যে কারণে ব্যাহত হচ্ছে পাঠদান।’ তিনি দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক দেয়ার দাবি জানান।

চর ধুঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী কোহিনুর আক্তার বলেন, ‘সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে মানতে চান না অন্য শিক্ষকরা। আবার বেতনের টাকা দিয়ে বিদ্যালয়ের খরচাদি করতে হচ্ছে, এটা একটা বড় সমস্যা। যারা পদোন্নতির তালিকায় আছেন তাদের পদোন্নতি দিয়ে শূন্য পদগুলো পূরণ করা দরকার।’

গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা আক্তার বলেন, প্রধান শিক্ষক নেই মানে বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। যে শিক্ষক দায়িত্ব পালন করছেন তার শ্রেণী পাঠদানের খবর নিচ্ছে কে? যিনি ভারপ্রাপ্ত তাকে দাফতরিক কাজ-মিটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। আবার নিয়মিত পাঠদান করতে পারলে ক্লাস অপূর্ণ থেকে যায়। ক্লাস না নিলে শিক্ষার্থীরা হইহুল্লোড় করে। এতে অন্য ক্লাসের শিক্ষার্থীরা বিরক্ত হয়। যে কারণে অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করেছে।

মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপ্না রানী পোদ্দার বলেন, সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে মানতে চান না অন্য শিক্ষকরা।

সার্বিক বিষয়ে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, ‘রাজবাড়ীতে ৪৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এর মধ্যে ২৭৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। ওইসব বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। শূন্যপদ পূরণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই মন্ত্রণালয় একটা ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর