ফরিদপুর: জেলার সদরপুর উপজেলার আকোটেরচরে সাপ ধরতে গিয়ে আলমগীর (৪২) নামে এক ব্যক্তির সাপের দংশনে মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে শয়তানখালী ঘাটের চরে স্থানীয়দের খবর পেয়ে সাপ ধরতে যান আলমগীর। এ সময় তাকে কালাচ/কালাইস সাপে দংশন করলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় তাকে প্রথমে তার বাবা ছত্তর ওঝার কাছে নেওয়া হয়। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চরভদ্রাসন হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর কিছুক্ষণ আগে হসপিটাল নেওয়ার সময়কার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সাপ ধরায় পারদর্শী আরিফ বলেন, ‘সাপের কামড়ের পর ঝাড়ফুঁক করে বিষ নামানো সম্ভব নয়। সাপে দংশন করলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত।’
স্থানীয় বাসিন্দা জমির খান বলেন, ‘ওঝা হয়েও নিজের ছেলেকে বাঁচাতে পারলেন না।’
শেষ খবর পাওয়া পর্যন্ত আলমগীরের মরদেহ ফরিদপুর হাসপাতালে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।