সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঢাকা-রংপুর লংমার্চে অংশ নিতে আসা জামায়াতে ইসলামীর দুই নেতা-কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা সেতু পশ্চিম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সয়দাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর ও দলটির কর্মী নুরুন্নবী। আহত দু’জনের মধ্যে আব্দুস সবুরের অবস্থা গুরুতর। প্রথমে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামায়াতের অভিযোগ, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতা-কর্মী তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে হাসান, আল আমিন ও পারভেজ ছিলেন বলে দাবি করা হয়েছে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ‘লংমার্চের গাড়িবহর সয়দাবাদ অতিক্রম করার পর জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আব্দুস সবুরের দুই হাত, পা ও পিঠে আঘাত লাগে।’
অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম রফিকের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ‘ঘটনাটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’