গোপালগঞ্জ: গোপালগঞ্জে জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। সে হাজী লালমিয়া সিটি কলেজের হিসাব বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া বলেন, ‘সকালে কথা কাটাকাটির জেরে গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭-৮ জনের একদল যুবক জোবায়েরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মারাত্মক আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরের দিকে সে মারা যায়।’
ওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে বাড়ি ফিরছিল জোবায়ের ভূঁইয়া। পথিমধ্যে একদল লোক তার ওপর হামলা চালিয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জোবায়েরের মৃত্যু হয়। তবে তার ওপর হামলার প্রকৃত কারণ জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।