Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০১

তীররক্ষা বাঁধে ধস।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া অংশের পাশ দিয়ে তীব্র স্রোতে নদীর পানি আছড়ে পড়ছে। বাঁধের বিভিন্ন স্থানে বড়ো বড়ো ফাটল তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় আরও অংশ ভেঙে পড়তে পারে।

এর আগে বৃহস্পতিবার রাতে বিকট শব্দে বাঁধের প্রায় ৪০ মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, ‘রাতেই বিকট শব্দে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। এখন আমাদের বাড়িঘর নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।’

খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দল।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ‘ঝুঁকিপূর্ণ স্থানটি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে এই ভাঙন সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর