Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ ঘণ্টা অবরোধের পর নীলফামারীতে ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪০

নীলফামারী: জেলার ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন। টানা ৫ ঘণ্টা রেল অবরোধের পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা ২ মাসের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় প্রায় ২ হাজার মানুষ অংশ নেন।

অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন চিলাহাটিতে অবস্থান করে। এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন ডোমার স্টেশনে থামিয়ে রাখা হয়। কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে মিরজাগঞ্জ রেলস্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় স্থানীয় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি ১ নম্বর প্ল্যাটফর্ম চালু না থাকায় যাত্রীসেবাও ব্যাহত হচ্ছে। এসব দাবির দ্রুত বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে নামেন।

পরে পার্বতীপুর রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তারা। রেল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা ২ মাসের আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এ সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডোমার থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অবরোধ প্রত্যাহারের পর দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর