পাবনা: জেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই ১০ দিনের মাথায় তৃতীয় শ্রেণির ১১ বছর বয়সি আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। তাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত সাইফুল ইসলাম সাদুল্লাপুর ইউনিয়নের কারিগরপাড়ার মৃত আলমের ছেলে। তিনি একটি দোকানে চা বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই শিশুকে চায়ের দোকানের ভেতরে জোরপূর্বক নিয়ে ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা দেখতে পেলে তাদের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তের চায়ের দোকানে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া তার বাড়িঘরেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, ‘১১ বছর বয়সি এক শিশুকে চায়ের দোকানের ভেতরে ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে।’
ওসি আরো বলেন, ‘ঘটনার পর স্থানীয় লোকজন ওই চায়ের দোকানে আগুন দিয়েছে এবং অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’