মুন্সিগঞ্জের সিরাজদিখানের নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চষিমুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো— রাবেয়া আক্তার তানিশা (৮) ও রায়হান আহমেদ তুষার (৮)। তারা আপন জমজ ভাই-বোন।
হাসপাতালে শিশুদের খালা কামরুন্নাহার জানান, তার বোন তানজিলার শ্বশুর বাড়ি ডেমরার ঠুলঠুলিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায়। শিশুদের বাবা শরিফুল ইসলাম সৌদি আরব প্রবাসী। গতকাল তার বোন ছেলে মেয়েদের নিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান চষিমুদ্দিন গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে। সাথে বড় ছেলে তৌফিক আহমেদও ছিল।
তিনি আরও জানান, আজ দুপুর ১টার দিকে সবার অগোচরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায় জমজ ভাই-বোন রায়হান ও তানিশা। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয় এক ব্যক্তি তাদের দেখে উদ্ধার করে এবং বাড়িতে খবর দেয়। দ্রুত তাদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, শিশু দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।