সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেল।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৪৫ জনের পরিবার ও আহতদের মাঝে মোট ১ কোটি ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে নয়জনকে ১ লাখ টাকা করে ৯ লাখ, ১০ জনকে ৩ লাখ টাকা করে ৩০ লাখ এবং নিহত ২৬ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ৩০ লাখ টাকা দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মামুন খান, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আবু নাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চেক হাতে পেয়ে স্বামী হারানো খন্দকার কলি খাতুনসহ অন্যান্য উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।