লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৯১৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা জেলার ছয়টি থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এতে ১২৯ জন আটক হয়। পরে যাচাই-বাছাই শেষে ৭৯ জনকে স্ব-স্ব পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং ৫০ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সবমিলিয়ে গত ছয়দিনের অভিযানে আটক ৯১৭ জনের মধ্যে মোট ২৮৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানা এলাকার বিভিন্ন স্পটে এ অভিযান পরিচালিত হচ্ছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আবু তারেক জানান, কিশোর অপরাধ প্রতিরোধ এবং কিশোরেরা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, ‘কিশোর গ্যাংয়ের পেছনে যারা আশ্রয়দাতা বা মদদদাতা হিসেবে কাজ করছে, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাদেরও আইনের আওতায় আনা হবে।’
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘আটককৃতদের তথ্য গভীরভাবে যাচাই-বাছাই করেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর অপরাধ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।’