Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে হানি ট্র্যাপের অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ১৬:৪৪

গ্রেফতারকৃত তিনজন।

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং ওই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে ভাণ্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সজীব চাপরাশিও (২৫) রয়েছেন। এ ঘটনায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ভাণ্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্য দু’জন হলেন মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও এক নারী। সজীব চাপরাশি উপজেলার উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ ওঠে। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে, বৃহস্পতিবার রাতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সজীব চাপরাশিকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করে পিরোজপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা ছাত্রদলের দফতর সম্পাদক খালিদ হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সজীবের সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, ‘স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সার্বিক বিষয় বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা—এই নীতি অনুসরণ করে আমরা সংগঠন পরিচালনা করছি। ছাত্রদল কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর