Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৬ ১৪:১৬

প্রতীকী ছবি

যশোর: জেলায় ইঞ্জিনচালিত করিমন চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মনিরুজ্জামান নামে আরেক ব্যক্তি। এছাড়া খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন বিল্লাল হোসেন নামে আরেকজন।

তারা সবাই পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে মনিরুজ্জামান, মিজানুর ও বিল্লাল চান্দুটিয়া গ্রামে করিমন চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই তিনজনকে ধাওয়া দেন স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল খালে ঝাঁপ দেন। একপর্যায়ে মনিরুজ্জামান ও মিজানুর রহমান-কে এলাকাবাসী ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করে। অন্যদিকে মনিরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বিল্লাল হোসেন। বিল্লালকে খুঁজতে খালে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিজ্ঞাপন

যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ‘চুরির অভিযোগে গণপিটুনিতে একজন মারা গেছে। একজন খালে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে খালে ফায়ার সার্ভিসের ব্যক্তিরা তল্লাশি করছে। তিনি খালে আছেন না পালিয়ে গেছে সেটা তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আহত অবস্থায় একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে।’

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর