কুমিল্লা: জেলার দাউদকান্দিতে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম মহাসড়কের এক পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাত একটি গাড়ি দ্রুতগতিতে তাদের ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার পাশে নীচে পড়ে যান। প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রেমলাল দাস বলেন, ‘অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বিষয়টি আমি জানতে পেরেছি। মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করব।’