গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলায় এক স্কুলছাত্রকে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে মো. নাসরুল্লাহ নামে এক ইমামকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।
তবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি জানিয়েছে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম নাসরুল্লাহ ভুক্তভোগীকে ‘অনৈতিক স্পর্শ’ করার কথা স্বীকার করলেও বলাৎকারের চেষ্টার বিষয়টি অস্বীকার করেছেন।
আটক মো. নাসরুল্লাহ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত। তিনি মসজিদ সংলগ্ন বাসভবনে থাকেন। ভুক্তভোগী স্কুলছাত্র স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে।
ভুক্তভোগীর পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নামাজের পর স্কুলছাত্রকে নিজের থাকার স্থানে ডেকে নেন ইমাম নাসরুল্লাহ। সেখানে একসঙ্গে খাবারের পর তাকে ‘আপত্তিকর স্পর্শ’ করেন। এ সময় তিনি মসজিদের মূল ফটক বন্ধ করতে গেলে স্কুলছাত্র সেখান থেকে বেরিয়ে আসে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি স্থানীয়দের জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযুক্ত ইমামকে আটকের পর মারধর করেন তারা। পরে গোপীনাথপুর ফাঁড়িতে খবর দেওয়া হলে তাকে হেফাজতে নেয় পুলিশ।
ওসি ইকরাম হোসেন জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এখন (বৃহস্পতিবার) পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।