কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে রশিদুল ইসলাম রতন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি আন্তঃজেলা মোবাইলফোন চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোর ৩টা পর্যন্ত উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রতন উপজেলার মধ্য ভারতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মোবাইলফোন ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার মাধ্যমে ভারত থেকে চোরাই পথে আসা মোবাইলফোন দেশের বিভিন্ন এলাকার শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো বলে পুলিশের দাবি।
পুলিশ আরও জানায়, রতন ও তার কয়েকজন নিকটাত্মীয়ের সমন্বয়ে একটি চক্র গড়ে উঠেছিল। তাকে গ্রেফতারে এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়। তবে প্রতিবারই তিনি পুলিশের নাগালের বাইরে থেকে যান।
সর্বশেষ কুড়িগ্রামের পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানার একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় ভারতীয় মোবাইলফোন কেনাবেচার সময় রতনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার রতনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।