চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গভীর রাতে অবৈধভাবে সার পাচারের চেষ্টাকালে ৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বিসিআইসি সার ডিলারসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বিসিআইসি সার ডিলার মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমনচালক মো. মতিন (৪৮)।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তরা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে সার ডিলার গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপরদিকে নসিমনচালক মো. মতিনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। পরে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করা এবং অবৈধ মজুত ও পাচার রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কৃষকদের প্রাপ্য সার অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে অবৈধভাবে সার পরিবহণ, মজুত ও পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।