ফরিদপুর: ফরিদপুর শহরের হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন করলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আত্মরক্ষার এই ক্রীড়া কৌশল প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য খুবই জরুরি। এটা শুধু আত্মরক্ষার কৌশল নয়, একইসঙ্গে একটি আর্ট বা ক্রীড়া কৌশল যা নিয়মিত প্রশিক্ষণ নিলে শরীর সুস্থ থাকবে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চায়না, কোরিয়া ও জাপানে খুবই জনপ্রিয় এই খেলা; আমাদের দেশেও এটি জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মার্শাল আর্ট প্রশিক্ষণের ওপর শিক্ষার্থীদের জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের ১০টি স্কুলে এরইমধ্যে আমরা প্রশিক্ষণটি চালু করেছি। পর্যায়ক্রমে সকল উপজেলাতেও এই প্রশিক্ষণ আগামী ছয় মাসের মধ্যে শুরু হয়ে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি হাসান) বিন মুহাম্মদ আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইনসানা তানজিন ইকো, ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজের কোঅর্ডিনেটর পার্থ সাহা, প্রভাতী শাখার শিফট ইনচার্জ জাকিয়া নাসরিন ও দিবা শাখার শিফট ইনচার্জ আকাশ সাহা এবং স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।