ইসলামী যুব মজলিসের উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনী ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান করা সম্ভব। সাম্য, ইনসাফ ও আত্মমর্যাদাশীল সমাজ গঠনে মহানবীর (স.) জীবনদর্শই আমাদের মূল দিকনির্দেশনা।’
তিনি আরও বলেন, ‘আজকের তরুণ প্রজন্মকে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক পরিবর্তন ও মানবতার সেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর যুব সমাজের পরিবর্তনই পারে একটি সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে।’
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকার এবং ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির।
আমন্ত্রিত আলোচক হিসেবে অংশ নেন নয়াটোলা কামিল মাদরাসা, ঢাকার উপাধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ, জামিয়া শারইয়্যাহ মালিবাগের সিনিয়র মুহাদ্দিস মুফতী আব্দুস সালাম, নারায়ণগঞ্জ হাজীপাড়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মাহমুদুল হাসান কাসেমী, লেখক ও গবেষক মাওলানা আব্দুল গাফফার শাহপুরী এবং ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বিলাল আহমদ চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতির বক্তব্যে তাওহীদুল ইসলাম তুহিন বলেন, ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশে যুব সমাজকে নিয়ে কোনো সরকারই সঠিক ও উন্নত চিন্তা করতে পারেনি। পারেনি তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে। যে কারণে যুবসমাজ হতাশায় নিমজ্জিত হওয়ার পাশাপাশি নিজেদের ক্যারিয়ারের অগ্রগতি নিয়ে কার্যত কোনো কিছু করতে পারেনি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিশ্বনবী হযরত মুহাস্মদ (স.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন পরিচালনা করতে হবে। আর তাতেই হবে মুক্তি।’
এ সময় ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মো. মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মো. জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, অফিস ও অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ সালমান, শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান ফারুকী, নির্বাহী সদস্য মাওলানা ইকবাল হোসাইন কয়সর, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মতিউর রহমান ও অঙ্কুরের নির্বাহী পরিচালক মো. নিজাম উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।