Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নুরের ওপর হামলা: চট্টগ্রামে ফের সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৪:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আবারও চট্টগ্রামে সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টা থেকে নগরীর ষোলশহর দুই নম্বর গেট মোড়ে শতাধিক নেতাকর্মী অবস্থান নেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালান এবং ট্রাফিক পুলিশের ভ্রাম্যমাণ ডিভাইডারগুলো সরিয়ে দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধ চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জাতীয় পার্টি, জিএম কাদের ও সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভকারীদের কয়েকজন জানান, জিএম কাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাতে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ কয়েকজন নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই নগরীর দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদ। রাতের কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার দুপুরেও তারা একই স্থানে ফের অবস্থান নেন। এতে সমমনা কয়েকটি রাজনৈতিক দলও সংহতি জানিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, ১৭ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও জাপা বহাল তবিয়তে আছে। জিএম কাদেরের বিরুদ্ধে মামলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের মতে, ইউনুস সরকার স্বৈরাচারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর সারাবাংলাকে বলেন, “সড়ক অবরোধের কারণে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। আমরা ঘটনাস্থলে সতর্ক অবস্থায় আছি।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর