চট্টগ্রাম: ঢাকার মোহাম্মদপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ রিপনকে (২৯) চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (৭ সেপ্টেম্বর) র্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর খুলশী থানার ফয়’স লেক-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুর নবী চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার মো. ফারুকের ছেলে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ডিএমপির মোহাম্মদপুর থানার মামলা নম্বর-৩৩ (০৬) ২০, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)-এর ১৪ (গ) ধারার মামলায় নুর নবী ১০ বছরের সাজাপ্রাপ্ত। গ্রেফতার এড়াতে তিনি চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থান করছিলেন।
পরে এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ফয়’স লেক-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেফতার নুর নবীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’