চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে ১৭ বছরের কিশোরী কলি আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় মো. নজরুল ইসলাম ওরফে মিঠু-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নিহত কলি আক্তারের নিকটাত্মীয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মারুফুল হক চৌধুরী মারুফ বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা আদায় হলে একই আইনের ১৬ ধারা অনুযায়ী ভিকটিমের বাবা ছোট্ট মিয়া ওরফে চুট্টু মিয়াকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।’
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় কলি আক্তার তার খালার বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশে রওনা হয়। তবে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা তিন দিন ধরে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় হাটহাজারীর দানু মিয়া ব্রিকফিল্ডের পূর্ব পাশে পুকুরপাড়ে একটি পরিত্যক্ত পায়খানার রিংয়ের ট্যাংকির ভেতর থেকে কলির আংশিক পচে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কিশোরীর বাবা হাটহাজারী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।