Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সন্তানদের চলাফেরা ও সঙ্গের বিষয়ে সচেতন থাকুন: এসপি মাসুদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৬

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম

চট্টগ্রাম: মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।’

বিজ্ঞাপন

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘সন্তানদের চলাফেরা, সঙ্গ ও কর্মকাণ্ড সম্পর্কে আরও সচেতন থাকতে হবে। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে মাদকবিরোধী অভিযানকে কার্যকর করতে সবাইকে সহযোগিতা করতে হবে।’

সমাবেশে বক্তারা বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

কমিউনিটি পুলিশের উপদেষ্টা জহুরুল আলম জহুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর