Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৬ ১৫:০৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে লাকি আকতার (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের হচ্ছারঘাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মুনসেফ আলীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লাকি আকতার ওই এলাকার মো. ইউনুছ ওরফে মনার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে কাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান স্বামী ইউনুছ। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ছাদে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রী লাকিকে ঝুলতে দেখেন তিনি। তার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে এক আত্মীয় ছুটে আসেন। পরে ওড়না কেটে লাকিকে নিচে নামানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে লাকি আকতার ও ইউনুছ বিবাহবন্ধনে আবদ্ধ হন। লাকি শহরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর ইউনুছ তাকে গ্রামে নিয়ে এসে আলাদাভাবে বসবাস করছিলেন। ইউনুছের প্রথম স্ত্রী ও সন্তানরা অন্যত্র থাকেন।

প্রাথমিকভাবে জানা গেছে, তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। খবর পেয়ে লাকীর ভাই-বোনেরা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর