Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাবিপ্রবিতে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করে আরোপ করা প্রজ্ঞাপনটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরের অনুমোদনক্রমে এখন থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রক্টরিয়াল কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে ছাত্র রাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা জারিকৃত প্রজ্ঞাপনটি স্থগিত করা হলো এবং ক্যাম্পাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক সকল রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে করা যাবে। তবে সব অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলসমূহে পূর্বের ন্যায় মিটিং ও মিছিল নিষিদ্ধ থাকবে। শাকসু নির্বাচনে প্যানেল গঠন ও প্যানেল পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে করা যেতে পারে।

বিজ্ঞাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রায় ১০ মাস ধরে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন সামনে রেখে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতির চালুর বিষয়ে গত সপ্তাহে সুপারিশ করে প্রক্টরিয়াল বডি। এর আগে গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।

এদিকে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর