Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবির ৫ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেবেন ছাত্রদলকর্মী শাকিল

রাবি করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৭

ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাঁচজন অসচ্ছল নবীন শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান। শিক্ষার্থীদের স্নাতক (অনার্স) শিক্ষা শেষ হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি তাদের পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, দরিদ্র পরিবারের পাঁচজন নবীন শিক্ষার্থীকে আগামী মাসের শুরু থেকে প্রতি মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেওয়া হবে। চার বছর ধরে তাদের এ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী পরীক্ষার ফরম পূরণের খরচেও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন শাকিল দেওয়ান।

বিজ্ঞাপন

এদিকে মাসিক এ সহায়তা পেয়ে খুশি পাঁচ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নতুন পরিবেশে এসে আর্থিক সংকটে থাকা এসব শিক্ষার্থী মনে করছেন, প্রতি মাসে ১ হাজার টাকার এ সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে কিছুটা হলেও সহায়ক হবে।

বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীর মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘রাজশাহীতে সহজে টিউশন পাওয়া যায় না। তার ওপর আমরা রাজশাহীতে একেবারেই নতুন। শাকিল ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। বর্তমানে ১ হাজার টাকা আমার জন্য অনেক কাজে আসবে। এছাড়াও ফরম পূরণের সময়ও সহযোগিতা করবেন বলে তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’

উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান বলেন, ‘অনেক দিন ধরেই আমি বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। সেই ধারাবাহিকতায় এবার পাঁচজন নবীন অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, তাদের প্রত্যেককে প্রতি মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দিব। যদিও এই সহায়তার পরিমাণ খুব বেশি নয়। তবুও আমি বিশ্বাস করি, তাদের পড়াশোনা চালিয়ে যেতে এটি কিছুটা হলেও সহায়ক হবে।’

শাকিল দেওয়ান আরও বলেন, ‘রাজশাহীতে সহজে টিউশন পাওয়া যায় না। অনেক শিক্ষার্থী দরিদ্র পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ভর্তি হওয়ার পর অনেকের খাবারের খরচ চালানোও কঠিন হয়ে পড়ে। মূলত মানবিক দায়বদ্ধতা ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, একজন শিক্ষার্থীর পড়াশোনা যেন আর্থিক সংকটের কারণে থেমে না যায়, সে দায়িত্ব আমাদের সবার। ভবিষ্যতে সামর্থ্য বৃদ্ধি পেলে এই সহায়তার পরিধি আরও বাড়ানোর ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ।’

এ উদ্যোগের প্রশংসা করে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান বলেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা উচিত। শাকিল দেওয়ানের এই উদ্যোগ অন্যদেরও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে আমি মনে করি।’

 

বিজ্ঞাপন

ওমরাহ শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৩

আরো

সম্পর্কিত খবর