Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ড. মামুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ২১:২০

– ছবি : সংগৃহীত

ঢাকা: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের উচ্চ শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারণে সরকার চলতি বছর সরকার দেশের সব বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তির সুযোগ সম্প্রসারিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির তিনটি আধুনিক ডিজিটাল সেবা—MyBOU Mobile App, e-Attendance System এবং Complaint/Services Management System-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন আন্তর্জাতিক উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গৃহীত এসব উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও আন্তর্জাতিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক করে তোলা। বিদেশি শিক্ষার্থী আকর্ষণ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর অঞ্চলের একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। এর ফলে উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি জ্ঞান বিনিময়, গবেষণা, সাংস্কৃতিক যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে যুক্ত করার সুযোগও তৈরি হবে।

তিনি বলেন, বর্তমান সরকার বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদনপ্রক্রিয়া সহজ করতে ‘স্টাডি বাংলাদেশ’ (Study Bangladesh) নামে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনা নিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে এ পোর্টালের আওতায় আনা হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের HEAT প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয় নির্বাচনের জন্য ইতোমধ্যে আগ্রহপত্র (Expression of Interest—EOI) আহ্বান করা হয়েছে। দেশের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস থাকলেও বর্তমান সরকার চলতি বছরেই দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালুর উদ্দ্যোগ নিয়েছে। দেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ইন্টারন্যাশনাল অফিস খোলার জন্য উৎসাহিত করা হচ্ছে।

প্রস্তাবিত পোর্টালের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি বাড়বে এবং বিদেশি শিক্ষার্থী আকর্ষণের সুযোগ সম্প্রসারিত হবে। এই ইন্টারন্যাশনাল সহযোগিতা অফিস সমূহ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একাডেমিক কোলাবরেশন, বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ তৈরী ,যৌথ ডিগ্রীর সুবিধা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ প্রসঙ্গে ‘ব্রেইন সার্কুলেশন’ ধারণার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে দেশের গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সেবাগুলোর কথা উল্ল্যেখ করে বলেন, সেবাগুলো উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার, উপস্থিতি ব্যবস্থাপনা এবং অভিযোগ ও সেবা ব্যবস্থাপনায় কার্যকারিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর ও আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর