পেশাদার এবং ব্যক্তিগত জীবনের এক চরম ক্রান্তিকাল পার করছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। একদিকে তার ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জয় নায়াগন’ নিয়ে আইনি জটিলতা, অন্যদিকে দীর্ঘ ২৬ বছরের সংসার ভাঙার গুঞ্জন—সব মিলিয়ে উত্তাল সময় পার করছেন এই অভিনেতা। তবে এমন অস্থির পরিস্থিতিতেও ভক্তদের কথা ভুলে যাননি তিনি। চেন্নাইয়ে নিজ রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’-এর এক অনুষ্ঠানে সমর্থকদের শান্ত থাকার ও নিজের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন বিজয়।
নারী দিবস উপলক্ষে আয়োজিত সেই অনুষ্ঠানে বিজয় তার রাজনৈতিক কর্মসূচি ঘোষণার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে চলা বিতর্ক নিয়েও মুখ খোলেন। মঞ্চে আবেগপ্রবণ কণ্ঠে তিনি জানান, তাকে ঘিরে তৈরি হওয়া সমস্যাগুলো নিয়ে ভক্তদের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। বিজয় জোর দিয়ে বলেন যে, তার সমস্যাগুলো তিনি নিজেই সামলে নেওয়ার সক্ষমতা রাখেন এবং ভক্তদের মূল্যবান সময় যেন এসব বিতর্কে নষ্ট না হয়, সেদিকেই তার সজাগ দৃষ্টি। অনুরাগীদের প্রতি তার বিশেষ অনুরোধ, তারা যেন ব্যক্তিগত বিষয়ের বোঝা নিজেরা বয়ে না বেড়ান।
বিগত কয়েক সপ্তাহ ধরে বিজয়ের বিবাহবিচ্ছেদ এবং এক অভিনেত্রীর সাথে তার কথিত সম্পর্ক নিয়ে সরগরম দক্ষিণী সিনেমা পাড়া। স্ত্রী সঙ্গীতার করা মামলার পর অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সাথে তার পুরনো রসায়ন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও ২০০৪ সাল থেকে এই জুটির পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করে আসছে, তবে ২০০৮ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে ২০২৩ সালে ‘লিও’ সিনেমার মাধ্যমে তারা আবারও পর্দায় ফেরেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ার মাঝে তৃষার সাথে বিজয়ের ঘনিষ্ঠতার বিষয়টি আবারও সামনে আসায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।
তীব্র এই বিতর্কের মুখেও বিজয় নিজেকে জনকল্যাণমূলক কাজে ব্যস্ত রাখছেন। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে নিয়ে সমর্থকদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, গুজব বা বিতর্কে কান না দিয়ে বরং ইতিবাচক কাজে মনোনিবেশ করাই এখন শ্রেয়। ঝড়ের মুখেও বিজয়ের এমন শান্ত ও দৃঢ় অবস্থান তার ভক্তদের মনে নতুন করে সাহস জোগাচ্ছে।